অনলাইন ডেস্ক (www.Abnviews.com):
দীর্ঘদিন শান্ত থাকার পর আবারও রক্তাক্ত সংঘাত ও গৃহযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। সশস্ত্র গোষ্ঠী হুতি ও সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির ঘটনা বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রমতে, গত তিন দিনের তীব্র লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।
প্রতিবেদনে জানা যায়, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাবেল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ কেন্দ্র করে গত জুলাই মাস থেকেই হামলা শুরু করে হুতি। তবে গত বৃহস্পতিবার থেকে লড়াই আরও ভয়াবহ রূপ নেয়।
বর্তমানে ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় প্রদেশ হুদেইদার নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের হাতে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজ নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী। গত তিন ধরে এই দুই অঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় স্থলযুদ্ধের পাশাপাশি ভারী রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদেব প্রণালীতে সৌদি আরব সংশ্লিষ্ট জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হুতি। কিন্তু এককভাবে এই প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিতে হলে মোখা বন্দরের দখল জরুরি, যা হুতিদের নিয়ন্ত্রণে নেই। ফলে মোখা বন্দরসহ আশপাশের অঞ্চল নিজেদের আয়ত্তে নিতে সর্বাত্মক আক্রমণ চালাচ্ছে হুতি গোষ্ঠী। জবাবে সরকারি বাহিনীও হুতিদের প্রধান ঘাঁটি ও বন্দরনগরী হুদেইদাতে পাল্টা জোরালো হামলা অব্যাহত রেখেছে।
দুই পক্ষের এই অব্যাহত সহিংসতায় বিপাকে পড়েছে সাধারণ বেসামরিক নাগরিকরা। হতাহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষও রয়েছে। প্রাণ বাঁচাতে হুদেইদা ও তাইজ শহরের হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে দেশটিতে বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের তথ্যমতে, সংঘাত, ক্ষুধা ও নানা ব্যাধিতে ইয়েমেনে এ পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘদিনের অস্থিতিশীলতার পর সাময়িক বিরতি থাকলেও, বর্তমান সংঘাত ইয়েমেনকে আবারও এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

No comments: